আগামী ৫ অক্টোবর টোকিওর শেয়ার গ্রিন মিনামি আওয়ামায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শুধু ঘুমিয়ে পড়লেই হবে না; প্রতিযোগীদের ৯০ মিনিটের একটি সেশনে গভীর, স্থিতিশীল ও মানসম্মত ঘুমের সক্ষমতা প্রমাণ করতে হবে।
যেভাবে হবে প্রতিযোগিতাআয়োজকদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি প্রতিযোগীকে ঘুম পর্যবেক্ষণের বিশেষ একটি ডিভাইস ব্যবহার করতে হবে। ৯০ মিনিটের পাওয়ার ন্যাপ চলাকালে তাদের ঘুমের গভীরতা, সামগ্রিক মান, স্থিতিশীলতা এবং ঘুমিয়ে পড়তে কত সময় লাগছে—এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে।
প্রতিযোগীদের শুধু বিছানায় শুয়ে পড়লেই চলবে না। প্রতিটি সেশনের আগে তাদের কয়েকটি ঘুম-পূর্ব ব্যায়ামও করতে হবে।
প্রতিযোগিতাকে আরও চ্যালেঞ্জিং করতে প্রতিটি প্রতিযোগীকে লটারির মাধ্যমে একটি করে ‘স্লিপ আইটেম’ দেওয়া হবে। এসব সামগ্রী প্রতিযোগীদের ঘুমের অভিজ্ঞতা বা পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
কৌশল করে সুবিধা নেওয়ার সুযোগ নেইপ্রতিযোগিতায় ভালো করার জন্য ইচ্ছাকৃতভাবে ঘুম-বঞ্চিত হয়ে আসার সুযোগ রাখা হয়নি। আগের রাতে জেগে থাকা, ঘুমের ওষুধ সেবন কিংবা ঘুম আনার জন্য অন্য কোনো ওষুধ ব্যবহার নিষিদ্ধ।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগীদের ঘুমের মধ্যে আকস্মিকভাবে বিরক্তও করা হতে পারে। এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যেও কে ঘুম ধরে রাখতে পারেন, সেটিও প্রতিযোগিতার মূল্যায়নের অংশ।
থাকছে বিশেষ পুরস্কারপ্রতিযোগিতার ৯০ মিনিটের সেশনে সংগৃহীত তথ্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মূল্যায়ন করবেন। এসব তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে সেরা ঘুমের অধিকারী প্রতিযোগী।
মূল পুরস্কারের পাশাপাশি থাকছে কয়েকটি বিশেষ পুরস্কার। গভীর ঘুমের জন্য দেওয়া হবে ‘ডিপ স্লিপ ডাইভ অ্যাওয়ার্ড’। অস্বাভাবিক বা ব্যতিক্রমী ভঙ্গিতে ঘুমাতে পারা প্রতিযোগীদের জন্য রয়েছে ‘স্লিপ-টার্নিং অ্যাক্রোব্যাট অ্যাওয়ার্ড’।
প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি লাগবে না। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়ার কথা ছিল। মোট তিনটি সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি সেশনের জন্য লটারির মাধ্যমে প্রায় ২০ জন প্রতিযোগী নির্বাচন করার কথা জানিয়েছে আয়োজকরা।
জাপানে মানুষের ঘুমের সময় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম—এমন প্রেক্ষাপটে ঘুমের স্বল্পতা নিয়ে সচেতনতা বাড়াতেই এ আয়োজন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
এর আগে গত মার্চে চীনেও পর্যাপ্ত বিশ্রামের গুরুত্ব তুলে ধরতে নগদ পুরস্কারসহ খোলা জায়গায় ঘুমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক