সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া আদালতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য পর্যালোচনায় মিজানুর রহমান ও তাঁর স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দুদকের অনুসন্ধান চলছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা করা হয়।
দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে, মিজানুর রহমান ও তাঁর স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। তাঁরা বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন বন্ধ রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

প্রথম দর্পণ,ডেস্ক