গত রোববার (২৬ সেপ্টেম্বর) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। গত ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে ২০০১ সালের পর সেপ্টেম্বর মাসে দিল্লিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা দীর্ঘস্থায়ী একটি গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের সময় নিম্নচাপটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ও রাজস্থানসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত ঘটায়।
টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা থাকায় রাতে তাপমাত্রা আরও কমে গিয়ে ঠান্ডা অনুভূত হয়েছে।
তবে এই পরিস্থিতিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি উত্তর ভারতে শুষ্ক পশ্চিমা বাতাসের প্রবাহ বাড়তে শুরু করবে। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর থেকে দিল্লি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় রোদ উঠতে পারে এবং তাপমাত্রাও আবার বাড়তে পারে।
অর্থাৎ, সেপ্টেম্বরের শেষ দিকে দিল্লিতে দেখা দেওয়া এই সাময়িক শীতলতা শীতের আগাম আগমনের কোনো নির্ভরযোগ্য ইঙ্গিত নয়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক