রাজধানীর হামলার ঘটনায় খেলাফত মজলিসের ক্ষোভ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ দুপুর
  • ২৭৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজধানীতে একের পর এক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করে মিরপুরের দুটি ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। এখন দেশবাসী জানতে চায়, সেই পরিকল্পনা কী—ব্যর্থ মন্ত্রীদের নিয়ে দেশ পরিচালনা, নাকি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য রাষ্ট্রকে উন্মুক্ত করে দেওয়া।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তার দাবি, মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওসহ আশপাশে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগের রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

তিনি বলেন, রাজধানীতে রাতের বেলায় স্টুডিও ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটলে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির পর সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের অপসারণের দাবিও জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু তার দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মতো সমস্যার অবসান হয়নি।

মাওলানা জালালুদ্দীন আহমদ মিরপুরের দুটি হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad