‘ঝরা বকুল’-এর পর ফের মা-মেয়ের চরিত্রে ছন্দা-সুনেরাহ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ বিকাল
  • ২০৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এক কোটিরও বেশি ভিউ পাওয়া আলোচিত নাটক ‘ঝরা বকুল’-এ প্রথমবার মা-মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। একই নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় আবারও মা-মেয়ের চরিত্রে পর্দায় ফিরছেন এই দুই অভিনেত্রী।

নতুন নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি ময়মনসিংহের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ছন্দা ও সুনেরাহর পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

নতুন নাটক প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘এর আগে রিংকুর পরিচালনায় “ঝরা বকুল”-এ সুনেরাহ ও আমি মা-মেয়ের চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলাম। এবারও একই ধরনের চরিত্রে কাজ করলাম। গল্পটি সত্যিই খুব সুন্দর। সুনেরাহ এখন অভিনয়ে আরও পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরও অনেক দূর যাবে।’

তিনি বলেন, ‘ইয়াশ রোহানসহ পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি দারুণ হয়েছে। “ঝরা বকুল”-এর চেয়েও এই নাটকটি নিয়ে আমি বেশি আশাবাদী।’

ব্যস্ত ছন্দা

বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন গোলাম ফরিদা ছন্দা। দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক ‘খুশবু’র শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি শিগগিরই চ্যানেল আইয়ে ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ এবং এশিয়ান টিভিতে হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’ ধারাবাহিকে দেখা যাবে তাকে।

এ ছাড়া নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন আরেকটি নাটকেও অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

সুনেরাহর অভিনয়ে প্রশংসা

অন্যদিকে, তরুণ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও সম্প্রতি অভিনয়ে প্রশংসা পেয়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে তার অভিনয় দর্শক ও সংশ্লিষ্টদের নজর কেড়েছে।

সুনেরাহর চলচ্চিত্র অভিষেক হয় ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। রংপুরে জন্ম নেওয়া এই অভিনেত্রীর পৈতৃক নিবাস বগুড়ার আদমদীঘিতে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad