কালো স্যুট থেকে প্যাস্টেল পোশাক, বদলে যাওয়া মেলোনির রাজনৈতিক ভাবমূর্তি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ দুপুর
  • ১০১৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
একসময় ইতালির ডানপন্থি রাজনীতির প্রান্তিক কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন জর্জিয়া মেলোনি। কালো স্যুট, ভারী বুট ও কঠোর রাজনৈতিক বক্তব্যে তার প্রকাশ্য উপস্থিতিতে ফুটে উঠত প্রতিবাদী নেত্রীর ভাবমূর্তি। তবে ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর বদল এসেছে তার পোশাক ও রাজনৈতিক উপস্থাপনায়। এখন তাকে বেশি দেখা যায় হালকা রঙের স্যুট, চওড়া ট্রাউজার ও উঁচু হিলের জুতায়।

ফ্যাশন ও রাজনীতি বিশ্লেষকদের মতে, মেলোনির পোশাকের এই পরিবর্তন তার আরও কোমল, গ্রহণযোগ্য এবং একই সঙ্গে কর্তৃত্বপূর্ণ ভাবমূর্তির প্রতিফলন।

প্রধানমন্ত্রী হওয়ার সময় মেলোনির পরনে ছিল গাঢ় রঙের স্যুট ও ভারী কালো বুট। তার রাজনৈতিক দলের অতীত ও ডানপন্থি অবস্থানের সঙ্গে এই পোশাকেরও একটি প্রতীকী সম্পর্ক ছিল। কিন্তু ক্ষমতায় এসে মেলোনি ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে তুলনামূলক বাস্তববাদী অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রতি তিনি অন্যতম শক্তিশালী সমর্থন অব্যাহত রেখেছেন।

দেশের ভেতরে রক্ষণশীল ও অভিবাসনবিরোধী নীতি অনুসরণ করলেও আন্তর্জাতিক ক্ষেত্রে মেলোনির অবস্থানে বাস্তববাদিতার বিষয়টি বিভিন্ন পর্যবেক্ষকের আলোচনায় এসেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখেও কিছু ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতালির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রাজনৈতিক বিশ্লেষক রিকার্ডো আলকারোর মতে, ছোট ডানপন্থি দলের নেতা থাকা অবস্থায় মেলোনিকে সীমিত একটি ভোটারগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হতো। এখন তিনি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি দেশের সরকারপ্রধান। ফলে তাকে এমন একজন বিশ্বাসযোগ্য নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে হচ্ছে, যার রাজনৈতিক ধারণা নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনা করা যায়।

পোশাকেও পরিবর্তনের ছাপ

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মেলোনি পরিপাটি স্যুট ও তুলনামূলক শান্ত রঙের পোশাক পরতে শুরু করেন। ফ্যাশন সমালোচকেরা এই পরিবর্তনকে তার ব্যক্তিত্বে গাম্ভীর্য ও সহজে গ্রহণযোগ্যতার সমন্বয় হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে তার পোশাকেও এসেছে পরিবর্তন। এমনকি চুলের রঙও কিছুটা হালকা করেছেন তিনি।

ফ্লোরেন্সের ইউনিকলেজের ফ্যাশন শিক্ষক মিশেলা বোনাফোনির ভাষ্য, হালকা রং আনুগত্য, কোমলতা ও মমতার ইঙ্গিত দেয় এবং এ ধরনের পোশাকে মানুষকে আরও আপন করে তোলার আবহ তৈরি হয়।

তবে মেলোনির দপ্তর তার পোশাক কিংবা ফ্যাশন বিষয়ে কে তাকে পরামর্শ দেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তরুণ বয়সের অবস্থান থেকে পরিবর্তন

১৯৯৬ সালে ১৯ বছর বয়সে একটি ফরাসি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে মেলোনিকে ডানপন্থি একটি যুব আন্দোলনের কর্মী হিসেবে দেখা যায়। তখন প্রায় পুরোপুরি কালো পোশাক পরা মেলোনি এক সাক্ষাৎকারে ইতালির সাবেক স্বৈরশাসক বেনিতো মুসোলিনির পক্ষে কথা বলেছিলেন। পরবর্তী সময়ে ওই বক্তব্য তার রাজনৈতিক জীবনে দীর্ঘদিন আলোচিত হয়েছে।

ক্ষমতার রাজনীতিতে উঠে আসার পর মেলোনি ইতালির অতীতের সঙ্গে যুক্ত চরমপন্থি অবস্থান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। ২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তাকে যুবমন্ত্রী করেন। ওই সময় তার পোশাকেও আসে পরিবর্তন—গাঢ় রঙের স্যুট ও সাদা শার্টে তাকে বেশি দেখা যেতে থাকে।

২০২২ সালের নির্বাচনে জয় পাওয়ার আগেই রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেন মেলোনি। নির্বাচনী প্রচারে নিজেকে ‘একজন নারী, একজন মা, একজন খ্রিষ্টান’ হিসেবে তুলে ধরে দেওয়া তার বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে খুব কমই পুরো কালো স্যুট ও ভারী বুটে দেখা গেছে। ইতালিতে কালো রঙ যেমন শোকের পোশাক হিসেবে প্রচলিত, তেমনি দেশটির ইতিহাসে এটি ফ্যাসিবাদের সঙ্গেও যুক্ত। বর্তমানে মেলোনি সাধারণত ট্রাউজার, নিরপেক্ষ ও প্যাস্টেল রঙের পোশাক এবং অপেক্ষাকৃত কম নকশার পোশাক বেছে নেন।

আলকারোর মতে, মেলোনি যে রাজনৈতিক ভাবমূর্তি তুলে ধরতে চান, তার সঙ্গে তার বাহ্যিক উপস্থাপনারও সামঞ্জস্য থাকা প্রয়োজন। তার দল ব্রাদার্স অব ইতালির ভোট ২০১৮ সালের প্রায় ৪ শতাংশ থেকে ২০২২ সালের নির্বাচনে প্রায় ২৬ শতাংশে পৌঁছেছিল বলেও তিনি উল্লেখ করেন।

জি-৭ সম্মেলনে নজর কাড়ে পোশাক

মেলোনির পোশাক ও চেহারার পরিবর্তনের একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে ২০২৪ সালে ইতালির পুগলিয়ায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের কথা উল্লেখ করেন পর্যবেক্ষকেরা। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তার দলের ভালো ফলের পর তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের স্বাগত জানান। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হালকা প্যাস্টেল গোলাপি স্যুট ও পালাজ্জো প্যান্ট।

চলতি বছরের ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও তার পোশাকে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সেদিন বেইজ রঙের স্যুটের সঙ্গে একই রঙের টাই পরেছিলেন তিনি। বিষয়টি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসেরও নজরে আসে। খোলা মাইক্রোফোনে মেরৎসকে মেলোনিকে বলতে শোনা যায়, ‘আজ আপনি টাই পরেছেন।’

জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, তাই আপনি আমাকে একজন যোদ্ধা হিসেবে ভাবতে পারেন।’

পোশাকের এই পরিবর্তন তাই শুধু ফ্যাশনের বিষয় নয়—রাজনৈতিক জীবনের পরিবর্তনের সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। কালো স্যুট ও ভারী বুট থেকে প্যাস্টেল রঙের স্যুট ও চওড়া ট্রাউজারে মেলোনির এই পরিবর্তনকে ইতালির রাজনীতির প্রান্ত থেকে ক্ষমতার কেন্দ্র পর্যন্ত তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: এপি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad