জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিষয়টি সামনে আসে। পরে ভুল সংশোধন করে নতুন জার্সি তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।
নকশা অনুমোদন, চূড়ান্ত জার্সিতে ভুলবাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) জানান, এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর জার্সি অনুমোদনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ক্রিকেট, ফুটবল ও কাবাডিসহ বিভিন্ন ফেডারেশন জার্সি পাঠিয়ে অনুমোদন নিয়েছে। তবে ব্যাডমিন্টন ফেডারেশন শুধু জার্সির নকশা দিয়েছিল।
তিনি বলেন, নকশা অনুমোদিত হলেও চূড়ান্ত জার্সিতে খেলোয়াড়দের নামের বানান, দেশের নাম ও খেলোয়াড়ের নামের অবস্থান এবং নামের মাপে ভুল পাওয়া গেছে। বিষয়টি সমাধানে মহাসচিব কাজ করছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, জার্সি যথাযথভাবে তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেশনের। জার্সি দিতে দেরি হওয়ায় ঢাকায় ব্যাডমিন্টন কর্মকর্তাদের ডেকে অন্তত একটি জার্সি প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছিল।
এখন জাপানেই নতুন করে জার্সি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ান ব্যাডমিন্টন কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এক জার্সিতে দুই খেলোয়াড়ের নাম মিলে ‘জুমান’ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ দলের ম্যানেজার মহিউদ্দিন বুলবুলও নাগোয়ায় নতুন জার্সি তৈরির জন্য কাজ করছেন। তাঁর দাবি, অলিম্পিকের অনুমোদন নিয়েই জার্সি তৈরি করা হয়েছিল। তবে ভুল ধরা পড়ার পর আয়োজকদের সঙ্গে আলোচনা করে নতুন জার্সি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জার্সির ভুল দেশে থাকতেই তাদের নজরে এসেছিল। এ কারণে নিজেদের খরচে তারা এক সেট জার্সিও তৈরি করেছিলেন।
ব্যক্তিগত ইভেন্টে খেলোয়াড়েরা নিজেদের জার্সি পরে খেলতে পারলেও দলীয় ইভেন্টে একই ধরনের ও একই মাপের জার্সি পরার নিয়ম রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়ের পাসপোর্ট অনুযায়ী নাম ব্যবহারের বিধান থাকলেও বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়ের নাম ভুলভাবে ছাপা হয়েছে।
পুরুষ দলের দুই খেলোয়াড় আয়মান ইবনে জামান ও জুমারের নাম মিলিয়ে জার্সিতে ‘জুমান’ লেখা হয়েছে। বাংলাদেশ দলে ‘জুমান’ নামে কোনো খেলোয়াড় নেই। পাশাপাশি জার্সিতে দেশের নামও নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য জায়গায় রাখা হয়েছে।
ব্যবস্থাপনা নিয়েও প্রশ্নজার্সি-বিভ্রাটের পাশাপাশি দল পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে রয়েছেন। একজন ফেডারেশন কর্মকর্তার কোচের দায়িত্ব পাওয়া নিয়ে এরই মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমালোচনা করেছিলেন।
মায়ের মৃত্যুর কারণে শাকিল এখনো নাগোয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। অন্যদিকে দলের ম্যানেজার মহিউদ্দিন বুলবুলও এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্ধারিত টিম বাস ধরতে পারেননি বলে জানা গেছে।
ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানে গঠিত মন্ত্রণালয়ের কমিটিতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ রয়েছেন। ফলে আন্তর্জাতিক আসরে দলের ব্যবস্থাপনা ও প্রস্তুতির দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
এশিয়ান গেমসের মতো বড় আসরে মাঠের লড়াই শুরুর আগেই জার্সিতে একাধিক ভুল এবং শেষ মুহূর্তে নতুন জার্সি তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাডমিন্টন দলের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতির বিষয়টি সামনে এনেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স