২৫ কোটি রুপির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ দুপুর
  • ৪০৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা আয় করেছে ৩১০ কোটি রুপির বেশি। মুক্তির ২৬ দিনের মাথায় মালয়ালম চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ড গড়েছে নিভিন পলি ও মমিতা বাইজু অভিনীত ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৫ সেপ্টেম্বর, অর্থাৎ মুক্তির ২৬তম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৩১০ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতে মোট আয় প্রায় ১৭৫ কোটি ৫ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ১৩৫ কোটি ৫০ লাখ রুপি।

এর মধ্য দিয়ে সিনেমাটি পেছনে ফেলেছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’-কে। গত বছর মুক্তি পাওয়া ক্যালিয়ানি প্রিয়দর্শিনী অভিনীত সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৩০১ কোটি ৪১ লাখ থেকে ৩০২ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ ২৪তম দিনেই সেই রেকর্ড ছাড়িয়ে যায়।

মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকায় এর পর রয়েছে মোহনলাল অভিনীত ‘এল ২: এম্পুরান’, যার আয় প্রায় ২৬৫ কোটি রুপি। এরপর ‘থুডারুম’, যার আয় প্রায় ২৩২-২৩৪ কোটি রুপি।

বয়সের ব্যবধানের প্রেমের গল্প

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প আবর্তিত হয়েছে অ্যাশলি ও জাস্টিনকে ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষ করে কেরালায় ফিরে আসে। সেখানে পুরোনো প্রতিবেশী জাস্টিনের সঙ্গে আবার তার দেখা হয়।

দুজনের মধ্যে বয়সের উল্লেখযোগ্য ব্যবধান থাকলেও সংগীতের প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি নিয়ে আসে। একপর্যায়ে তারা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে পরিবার ও সামাজিক বাস্তবতার কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন।

দীর্ঘ সময় পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে দুজনের আবার দেখা হয়। তখন তারা উপলব্ধি করে, এত বছর পরও কেউ কাউকে পুরোপুরি ভুলতে পারেনি। এই সম্পর্ক শেষ পর্যন্ত কোন পরিণতি পায়, সেটিই সিনেমার অন্যতম প্রধান বিষয়।

তারকাবহুল অভিনয়, প্রযোজনায় ফাহাদ-দিলেশ-শ্যাম

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট ও রোশন শানাভাসসহ আরও অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছেন ফাহাদ ফাসিল, দিলেশ পোথান ও শ্যাম পুষ্করন। প্রযোজনা প্রতিষ্ঠান ভবানা স্টুডিওসের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আজমল সাবু, সম্পাদনায় ছিলেন আকাশ জোসেফ ভার্গিস এবং সংগীত পরিচালনা করেছেন বিষ্ণু বিজয়।

মুক্তির পর দর্শকদের মধ্যেও সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে। বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি সিনেমাটির গল্প, অভিনয় ও পারিবারিক আবহ নিয়ে বিভিন্ন পর্যালোচনায় প্রশংসা এসেছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য প্রিন্ট ও ভবানা স্টুডিওসের প্রকাশিত তথ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad