রোববার (১৩ সেপ্টেম্বর) ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন রিবাকিনা। প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে নেন সাবালেঙ্কা। ফলে ম্যাচ গড়ায় নির্ধারক তৃতীয় সেটে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে ৬-২ গেমে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।
এই জয়ের মধ্য দিয়ে ফ্লাশিং মিডোসে সাবালেঙ্কার টানা ২০ ম্যাচের জয়ের ধারাও থামিয়ে দিলেন রিবাকিনা।
শিরোপা জয়ের পাশাপাশি র্যাংকিংয়েও বড় অর্জন এসেছে কাজাখস্তানের এই তারকার। ইউএস ওপেন জয়ের পর নারী এককের র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি।
এ ছাড়া চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন—দুটি হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যাম জিতে অনন্য রেকর্ড গড়েছেন রিবাকিনা। এ শতাব্দীতে এঞ্জেলিক কারবার ও অ্যারিনা সাবালেঙ্কার পর তৃতীয় নারী হিসেবে একই বছরে দুটি হার্ডকোর্ট মেজর জয়ের কীর্তি গড়লেন তিনি।
টুর্নামেন্টের শুরুতে এত বড় সাফল্যের প্রত্যাশা ছিল না বলে জানিয়েছেন রিবাকিনা। চোটের শঙ্কা কাটিয়ে পাওয়া এই সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, টুর্নামেন্টের শুরুতে বড় কোনো প্রত্যাশা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি তার অনুকূলে চলে আসে। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জয় করতে পেরে তিনি আনন্দিত।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স