ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এরই মধ্যে ইতিহাস গড়েছে সিনেমাটি। এবার উৎসবের সমালোচকদের কাছ থেকে স্বাধীন এই স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটির অর্জনের তালিকায় যুক্ত হলো নতুন মাইলফলক।
নারীর শরীর ও সামাজিক বাস্তবতার গল্পসমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে জাইনিন নামের এক তরুণীকে ঘিরে। বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যেতে যেতে সে আবিষ্কার করে, তার শরীর অপ্রত্যাশিত এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
নারীবাদী ফোক হরর, বডি হরর ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পরিচালক রুবাইয়াত হোসাইন বলেন, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ ও নিয়ন্ত্রণ করতে শেখে—সেই ভাবনা থেকেই অত্যন্ত অন্তরঙ্গ জায়গা থেকে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ক্রিটিকসদের এই স্বীকৃতি তাঁর কাছে গভীরভাবে অর্থবহ বলেও জানান পরিচালক।
তিনি বলেন, দর্শকরা যেন বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং কল্পনা, লোককথা ও সৌন্দর্যের মধ্য দিয়েও দেখতে পারেন—এটাই তাঁর প্রত্যাশা।
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসাভেনিস উৎসবে প্রদর্শনের পর আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও প্রশংসা পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। চলচ্চিত্রবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিওয়্যার (IndieWire) দক্ষিণ এশিয়ার বিয়ের প্রচলিত ধারাকে চমৎকার ‘ফেমিনিস্ট ফোক হরর’-এ রূপান্তরের জন্য পরিচালক রুবাইয়াত হোসাইনের নির্মাণশৈলীর প্রশংসা করেছে।
ফ্রাঁসোয়া দার্তেমার প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনা।
ভেনিসে বিশ্ব প্রিমিয়ারের সাফল্যের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকার প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক উৎসবযাত্রা অব্যাহত রাখবে সিনেমাটি।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স