শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের আরও পাওয়ার কী আছে? আমি, আপনি, আপনারা—আমাদের প্রত্যেকেই তো সরকারের অংশ। প্রত্যেকেরই পদ পেতে হবে, তা নয়।’
তিনি বলেন, বিএনপি সরকারে থাকায় দলের নেতাকর্মীরা এখন নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন। অথচ অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, তারা বহুবার গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, আদালতে হাজির করা এবং পরে কারাগারে আটকে রাখার ঘটনাও ঘটেছে।
রিজভী বলেন, বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীরাও অংশীদার। সংগঠনের প্রতিনিধিরা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন—এটি দলের নেতাকর্মীদের জন্য গৌরবের বিষয়।
তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের জানতে হবে এবং তা জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে রিজভী বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এ দুটি ক্ষেত্রেই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অতীতে রাজপথের আন্দোলনের কথা স্মরণ করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের বেষ্টনী, মামলা, রিমান্ড ও গ্রেপ্তারের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিএনপির সরকার বা বিএনপির জোট সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে কীভাবে কাজ করছে, তা নেতাকর্মীদের জানতে হবে। এসব কর্মসূচি সম্পর্কে ধারণা নিয়ে জনগণের কাছে তা তুলে ধরতে হবে।
পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী।
এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক