আগামী ৮-১০ দিনে কমবে বৃষ্টি, বাড়বে রোদ-ভ্যাপসা গরম

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ দুপুর
  • ২১৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দেশে আগামী ৮ থেকে ১০ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। একই সঙ্গে বাড়তে পারে রোদের উপস্থিতি ও গরমের তীব্রতা। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও সক্রিয় হতে পারে। সারাদেশে কমবেশি ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ পূর্বাভাস জানিয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দিনভেদে সারাদেশে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। কোনো কোনো জেলায় সারাদিনও রোদ থাকতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে গরমের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর, নীলফামারী ও আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দু-একটি জেলায় তা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

বৃষ্টি কমলেও থাকবে বজ্রবৃষ্টির ঝুঁকি

বিডব্লিউওটি জানিয়েছে, সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হবে না। মাঝেমধ্যে বিভিন্ন স্থানে হঠাৎ বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের তুলনায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ১৩ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে এসব বিভাগের বেশ কিছু জেলায় দিনে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। একই সময়ে গড়ে ২ থেকে ৪ দিন দুপুর, বিকেল বা রাতে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। তবে এসব বিভাগের অনেক জেলায় ৪ থেকে ৬ দিন বৃষ্টিহীন থাকতে পারে।

অন্যদিকে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা আরও কম এবং রোদের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে এসব বিভাগের অধিকাংশ জেলায় বিরতি দিয়ে গড়ে ৫ থেকে ৭ দিন পুরোপুরি বৃষ্টিহীন থাকতে পারে। স্বল্প সময়ের বজ্রবৃষ্টি হলেও এর আগে-পরে দিনের বেশিরভাগ সময় রোদ ও ভ্যাপসা গরম থাকবে।

ধান কাটায় শুষ্ক সময় কাজে লাগানোর পরামর্শ

সাধারণ মানুষের উদ্দেশে বিডব্লিউওটি জানিয়েছে, চলতি মৌসুমে রোদের ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাজ করতে চাওয়া মানুষের জন্য এ সময়টি উপযুক্ত হতে পারে। বিশেষ করে যেসব কৃষকের ধান কাটার উপযুক্ত হয়েছে, তারা স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ধান কাটার কাজ এগিয়ে নিতে পারেন।

সংস্থাটি বলেছে, মাসের শেষদিকে আবারও বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাই বর্তমান তুলনামূলক শুষ্ক সময় কাজে লাগানো গুরুত্বপূর্ণ।

ভ্রমণের জন্যও অনুকূল সময়

দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া তুলনামূলক ভালো ও রৌদ্রোজ্জ্বল থাকায় আগামী কয়েক দিন ভ্রমণের জন্যও উপযোগী হতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির জন্য সময়টি অনুকূল হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

১৯-২৩ সেপ্টেম্বর নতুন লঘুচাপের সম্ভাবনা

সাগরের পরিস্থিতি সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, সাগরে বর্তমানে একটি লঘুচাপ থাকলেও আজ রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সাগরে নতুন করে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সাগর আবারও উত্তাল হয়ে উঠতে পারে।

এ কারণে সাগরে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ওয়েদার অবজারভেশন টিম।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad