চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু আজ, প্রথম দিনেই রিয়াল-ইন্টার মহারণ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ১৯৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘ অপেক্ষার পর আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আজ শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্ব। প্রথম দিনেই থাকছে একাধিক বড় ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াই মাদ্রিদে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মুখোমুখি হওয়া। একই রাতে ম্যানচেস্টার সিটি খেলবে পোর্তোর মাঠে।

গত মৌসুমে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি রিয়াল ও ইন্টার। তবে নতুন মৌসুমে দারুণ ছন্দে রয়েছে দুই দলই। রিয়াল শেষ ১৯ ম্যাচের ১৭টিতেই জয় পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে তাদের আক্রমণভাগও বেশ শক্তিশালী। যদিও নিষেধাজ্ঞার কারণে কামাভিঙ্গা, আরদা গুলের ও বার্নার্দো সিলভা থাকছেন না। চুয়ামেনির চোট এবং রক্ষণভাগের চোট-সমস্যাও ভাবাচ্ছে দলটিকে।

অন্যদিকে সিরি’এতে তিন ম্যাচে তিন জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগে নামছে ইন্টার। সর্বশেষ নাপোলির বিপক্ষে যোগ করা সময়ে লাওতারো মার্টিনেজের গোলে জয় পেয়েছে তারা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই ফিট। থুরাম-লাওতারো জুটি এবং চাহানোলুর নেতৃত্বাধীন মাঝমাঠ ইন্টারের বড় শক্তি।

রিয়াল-ইন্টার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পোর্তোতে সিটির পরীক্ষা

আরেক হাইভোল্টেজ ম্যাচে পোর্তোর মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ঘরোয়া মৌসুমে দুই দলই শতভাগ জয় নিয়ে মাঠে নামছে। টানা ছয় ম্যাচ জেতা পোর্তো চলতি মৌসুমের প্রথম পাঁচ লিগ ম্যাচে মাত্র এক গোল হজম করেছে। তবে সিটির বিপক্ষে আগের চার প্রতিযোগিতামূলক ম্যাচে কোনো জয় নেই তাদের। ২০২০ সালে গোলশূন্য ড্রয়ের পর তিন ম্যাচেই হেরেছে পোর্তো।

এনজো মারেস্কার অধীনে সিটিও প্রিমিয়ার লিগে তিন ম্যাচে তিন জয় পেয়েছে। সর্বশেষ কোভেন্ট্রির বিপক্ষে আরালিং হালান্ডের গোলে জয় পায় তারা। হালান্ডের পাশাপাশি আক্রমণভাগের গভীরতা সিটির অন্যতম শক্তি। তবে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে তাদের রেকর্ড দুর্বল। শেষ নয়টি অ্যাওয়ে ম্যাচে জয় এসেছে মাত্র দুটিতে; হেরেছে ছয়টি।

সিটির নিকো ও’রেইলি চোটের কারণে অনিশ্চিত, আর জেরেমি ডোকু খেলবেন না। অন্যদিকে নিষেধাজ্ঞায় পোর্তো পাচ্ছে না ইয়ান বেদনারেককে। চোটের কারণে ভিক্টর ফ্রোহোল্টসহ আরও কয়েকজনও নেই।

ড্রাগাওয়ে ঘরের মাঠের সুবিধা পোর্তোকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে। তবে সামগ্রিক শক্তি ও স্কোয়াডের গভীরতায় এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি।

আজকের অন্যান্য ম্যাচ

চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনে ক্লাব ব্রুজের মাঠে অ্যাস্টন ভিলারও পরীক্ষা রয়েছে। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১১টায়। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা ভিলা এবার চ্যাম্পিয়নস লিগে বড় স্বপ্ন নিয়ে নামলেও নতুন মৌসুমে এখনো কাঙ্ক্ষিত ছন্দে ফিরতে পারেনি। বিপরীতে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ ব্রুজ।

এ ছাড়া আজ লিলের বিপক্ষে রিয়াল বেতিস এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভিয়ারিয়াল মাঠে নামবে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad