ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।’
এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।’
এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে একদল প্রবাসীর হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে তিনি অভিযোগ করেন, তার দিকে পানি ও পচা ডিম ছোড়া হয়েছে এবং একপর্যায়ে তার ওপর শারীরিকভাবে হামলার চেষ্টা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়। এ সময় নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেওয়ার অভিযোগও ওঠে।
বাঁধন তার ফেসবুক লাইভে বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার ফোন ফেলে দেওয়া হয়। এ সময় তার কানের কাছেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাঁধনের দাবি, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে তাকে লক্ষ্য করে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন এবং ঘটনাটি ভিডিও করেন।
ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

প্রথম দর্পণ,ডেস্ক