প্রাণনাশের হুমকির অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংবাদিক ইন্না

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ রাত
  • ১২১৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিভিন্ন সংবাদ প্রকাশের জেরে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি এ আবেদন করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক লিখিত আবেদনে শরীফুল ইসলাম ইন্না অভিযোগ করেন, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, তাঁর ভাই পৌর যুবদলের সহ-সভাপতি সনি আহম্মেদ শামীম, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার এবং আলী আশরাফসহ কয়েকজনের কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তারের কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে একাধিক সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের সমর্থকদের পক্ষ থেকে লেখালেখি বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে ভুয়া ফেসবুক আইডি খুলে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা, মানহানিকর পোস্ট এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শরীফুল ইসলাম ইন্না জানান, এ ঘটনায় তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টের ঘটনায় আদালতেও মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর প্রতিকার না পাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের শেষাংশে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তাঁর বা তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের দায়ী থাকার বিষয়টিও তিনি লিখিতভাবে উল্লেখ করেছেন।

তবে অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad