চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রওনক শিশির (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. তাজ (১৮) গুরুতর আহত হয়েছেন। নিহত শিশির পৌর এলাকার নিমতলা মহল্লার গোলাম রাব্বানীর ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শিশির ও তার বন্ধু তাজ মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ফিরছিলেন। পথে আদর্শ গ্রুপের একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয়। গুরুতর আহত তাজকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি মো. ইকরামুল হোসাইন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক