পবিত্র মক্কার মসজিদুল হারামে হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সেবা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নতুন সেবা চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থার মাধ্যমে মুসল্লিরা এখন তাওয়াফ ও সায়ীর নির্ধারিত এলাকায় রিয়েল-টাইমে ভিড়ের পরিস্থিতি জানতে পারবেন এবং তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিয়ে ইবাদত সম্পন্ন করতে পারবেন।
শনিবার গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীদের সুবিধার্থে চালু হওয়া নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে তাওয়াফ ও সায়ীর বিভিন্ন স্থানের ভিড়ের ঘনত্বের সর্বশেষ তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যাবে। এতে মুসল্লিরা নিজেদের সুবিধা অনুযায়ী কম ভিড়ের সময় ও পথ নির্বাচন করতে পারবেন।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এ সেবায় ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক, নিয়মিত হালনাগাদ তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে। এর মূল লক্ষ্য হলো ইবাদতকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা।
কর্তৃপক্ষ জানায়, কিউআর (QR) কোড স্ক্যান করেই এ সেবা ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটি নিয়মিত তথ্য হালনাগাদ করবে, ফলে গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরও সহজ হবে এবং তাওয়াফ ও সায়ী নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক