সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অভিযোগ করেছেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, হত্যা, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতাকর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ।
পোস্টে তিনি বলেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, গুম, খুন, নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি।
সোহেল তাজ আরও দাবি করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা সংঘটিত হয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে শুধু রাষ্ট্রই নয়, আওয়ামী লীগ সংগঠনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সোহেল তাজ আরও লেখেন, বর্তমানে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করা অর্থের পাহাড়ে বসে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সাধারণ নেতাকর্মীদের ব্যবহার করে আবারও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তবে সোহেল তাজের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ