আইনের শাসন প্রতিষ্ঠা না হলে জনগণ আবার রাজপথে নামবে’— সরকারকে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, ০২:৪০ দুপুর
  • ২৭৫০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণ আবারও রাজপথে নামবে। তিনি অভিযোগ করেন, দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে।

মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যখন দেশ আবার ফ্যাসিবাদের থাবায় পড়বে, তখন বাংলাদেশপন্থিরা আবারও রাজপথে নেমে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে।”

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। তার ভাষ্য, প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মদান এবং ৩০ হাজারের বেশি আহত মানুষের ত্যাগের সঙ্গে বর্তমান সরকার প্রতারণা করছে।

ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা উচিত নয়। তার অভিযোগ, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে এবং সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আরও বলেন, সরকার নির্বাচনের আগে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি; বরং তরুণদের কর্মসংস্থানের পরিবর্তে মাদকের বিস্তার ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। সংবিধানকে খণ্ডিতভাবে গ্রহণ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের বেঈমানি করা উচিত হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চাইলে এখনই দেশে ফিরতে পারেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যারা সংকটের সময় নেতাকর্মীদের ফেলে বিদেশে চলে যান, তাদের দেশে ফিরে আসার সাহস থাকে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেও তিনি মন্তব্য করেন, নির্বাচনের পর তাকে ঘিরে থাকা মন্ত্রিপরিষদের সদস্যরা ভুল পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে তিনি সতর্কবার্তাও উচ্চারণ করেন।

মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সিরাজদিখান উপজেলা প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল।

জেলা এনসিপির সদস্যসচিব মারুফ হাসান মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে গাজী আ. আলীম, সেলিম মিয়া, রাকিবুল ইসলাম, ইমরান হোসেন শান্তসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে হাসনাত আবদুল্লাহ আসন্ন উপজেলা নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলী নেওয়াজ উজ্জ্বলকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad