জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণযোগাযোগ, প্রচার ও ডিজিটাল কার্যক্রম আরও সুসংহত ও যুগোপযোগী করতে মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। নতুন এ উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
রোববার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর, সুসংহত এবং সময়োপযোগী করার লক্ষ্যে এ উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।
উপ-কমিটির সদস্যরা হলেন— তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং), জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইয়াসির আরাফাত (ইলেকট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন), শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া), আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং), যাবের বিন নূর ঐশি আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ) এবং সজীব ওয়াফি।
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন এই উপ-কমিটি এনসিপির গণমাধ্যম সমন্বয়, প্রচার-প্রচারণা, ব্র্যান্ডিং এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ