পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি পূর্ণ আস্থার বার্তা দিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। তার ভাষায়, ‘রোনালদো পর্তুগাল ফুটবলের প্রতীক।’ তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রোনালদো যত দিন জাতীয় দলের হয়ে খেলার মতো ফিট ও যোগ্য থাকবেন, তত দিন তাকে দলে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
৭১ বছর বয়সী হোর্হে জেসুসের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তি করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে পর্তুগাল দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিজ্ঞ কোচকে দায়িত্ব দিয়েছে।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই প্রধান কোচ রবার্তো মার্তিনেজ পদত্যাগের ঘোষণা দেন। সেই শূন্যস্থান পূরণে দায়িত্ব পান জেসুস।
দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন জেসুস। আল নাসরে রোনালদোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত এক বছর রোনালদোর সঙ্গে কাজ করে আমি দারুণ উপভোগ করেছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ। সে পর্তুগাল ফুটবলের প্রতীক। যত দিন সে জাতীয় দলের হয়ে খেলার মতো অবস্থায় থাকবে, তত দিন আমি তাকে দলে রাখতে চাই। তবে সব সিদ্ধান্তই হবে দলের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায়।’
তিনি আরও জানান, এখনো রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে তার বিশ্বাস, রোনালদো কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হয়ে দাঁড়াবেন না।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
আল নাসরের কোচ হিসেবে জেসুসের সর্বশেষ মৌসুম ছিল সফল। তার অধীনেই ক্লাবটি সৌদি প্রো লিগের শিরোপা জিতে নেয়, যা রোনালদোর ক্যারিয়ারের প্রথম সৌদি লিগ ট্রফি। এর আগে বেনফিকার দায়িত্বে থেকে তিনি ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে পর্তুগিজ লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেসসহ এক বছরে পাঁচটি শিরোপা এনে দিয়ে আলোচনায় আসেন।
পর্তুগালের কোচ হিসেবে জেসুসের প্রথম ম্যাচ আগামী ২৪ সেপ্টেম্বর। উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’-এর উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে তার দল। এখন ফুটবলপ্রেমীদের নজর নতুন কোচের কৌশল এবং জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ ভূমিকার দিকেই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স