২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে নতুন এক শঙ্কায় রয়েছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের চার গুরুত্বপূর্ণ ফুটবলার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, জুড বেলিংহ্যাম, নিকো ও'রেইলি, ডেকলান রাইস এবং মার্ক গেহি—এই চারজন বর্তমানে সাসপেনশনের ঝুঁকিতে রয়েছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে তারা আরও একটি হলুদ কার্ড পেলে, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না।
ইংল্যান্ডের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা লাল কার্ড পাওয়ায় আগেই নিষিদ্ধ হয়েছেন। ফলে গেহি বা রাইসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানো কোচ টমাস টুখেলের দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ফিফার ২০২৬ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে একক হলুদ কার্ডের হিসাব বাতিল করা হয়েছে। এরপর নকআউট পর্বে দুটি হলুদ কার্ড জমা হলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে কোয়ার্টার ফাইনাল শেষে আবারও একক হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। অর্থাৎ নরওয়ের বিপক্ষে সতর্ক থেকে ম্যাচ শেষ করতে পারলে সংশ্লিষ্ট চার ফুটবলার সেমিফাইনালে নতুন করে হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াই খেলতে পারবেন।
মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই কোয়ার্টার ফাইনালে জয় পেলে ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। তাই নরওয়ের বিপক্ষে শুধু জয়ই নয়, শৃঙ্খলা বজায় রাখাও টমাস টুখেলের দলের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স