রাজধানীর রমনা এলাকার একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের দীর্ঘদিনের নীরব শুভেচ্ছার প্রতিদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তার পক্ষ থেকে উপহার পাঠানো হয় ওই নিরাপত্তাকর্মীর জন্য।
বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। আর্থিক সংকটের কারণে গত আট মাস ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে না পারায় জীবিকার তাগিদে নিরাপত্তাকর্মীর পেশা বেছে নেন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছেন তিনি।
দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের পথে যাওয়ার সময় বুথের সামনে দাঁড়িয়ে ধানের শীষ হাতে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তার এই আন্তরিকতা একসময় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তাকে খুঁজে বের করে খোঁজখবর নেওয়া এবং উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, তিনি কখনো ভাবেননি তার মতো একজন সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রী এভাবে আন্তরিকতা দেখাবেন।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাকে সালাম জানাই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো একজন সাধারণ মানুষের কথা মনে রেখেছেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ রাষ্ট্রীয় নেতৃত্বের মানবিক দৃষ্টিভঙ্গির একটি ব্যতিক্রমী উদাহরণ।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক