সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: সংসদে আখতার হোসেনের তীব্র ক্ষোভ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ রাত
  • ১৭৪৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আখতার হোসেন বলেন, জুলাই মাসব্যাপী এনসিপি দেশজুড়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সাভারে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের আগমনের ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অন্ধকারের মধ্যেই বক্তব্য চলাকালে সমাবেশস্থলে হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন দলের নেতারা। পরে বিষয়টি জানাতে তারা স্থানীয় থানায় যান।

সংসদে আখতার হোসেন অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা ঘিরে এনসিপি যখনই কোনো আন্দোলন বা কর্মসূচি ঘোষণা করে, তখনই একটি মহল পরিকল্পিতভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা চালায়।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলের সাংবিধানিক অধিকার অনুযায়ী সভা-সমাবেশ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থান সংসদে স্পষ্ট করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের পক্ষে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad