ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ রাত
  • ১৮০৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি পেয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান আগামীকাল মঙ্গলবার ভোরে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে পারবেন। ফিফা তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করায় এই সুযোগ তৈরি হয়েছে। তবে এ সিদ্ধান্তে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ২ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিশেষ বিধান প্রয়োগ করে সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন, তিনি বালোগানের শাস্তি পুনর্বিবেচনার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিলেন। ফিফার সিদ্ধান্তের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, "সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।"

ট্রাম্পের এই হস্তক্ষেপ এবং ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লাল কার্ডের পর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিত করার এমন সিদ্ধান্ত নজিরবিহীন, অযৌক্তিক এবং ফুটবলের শৃঙ্খলাবিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

নরওয়ের জাতীয় দলের কোচ স্টালে সোলবাক্কেনও ফিফার সমালোচনা করে বলেন, "এটি অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। লাল কার্ডের শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞাই হওয়া উচিত ছিল। ভবিষ্যতে একই ধরনের ঘটনায় কী হবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হলো।"

ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা এবং বিচারিক কমিটির একটি বিশেষ বিধান অনুযায়ী বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি যদি আর কোনো গুরুতর শৃঙ্খলাভঙ্গ না করেন, তাহলে বর্তমান নিষেধাজ্ঞা পুরোপুরি বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য, বালোগান শুরু থেকেই দাবি করে আসছিলেন, তার ফাউলটি ইচ্ছাকৃত ছিল না এবং সর্বোচ্চ হলুদ কার্ডই প্রাপ্য ছিল। অন্যদিকে, সমালোচকদের অভিযোগ—রাজনৈতিক প্রভাবের কারণে ফিফা নিয়মের ব্যতিক্রমী প্রয়োগ করেছে, যা বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বালোগানের ফেরা যুক্তরাষ্ট্রের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad