চাঁদাবাজি ও ২০ কোটি টাকার মানহানির অভিযোগ: ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০৫:৪০ বিকাল
  • ২০৪১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদালত মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আজাদ রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কথা বলে আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে যান। একপর্যায়ে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই অর্থ দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুন ফেস দ্যা পিপল-এ মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছে বলে অভিযোগ করা হয়েছে। ওই প্রতিবেদনের কারণে প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad