জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবি উঠেছে। শুক্রবার (২১ নভেম্বর) দাবি আদায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মতো কর্মসূচি পালন করেছে।
প্রতিবেদকদের পাঠানো খবর-চট্টগ্রাম : চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় মাথায় পরে বিএনপির নেতাকর্মী বিক্ষোভ করেছে। এ দাবিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা।
আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬টি আসনে এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি। ঘোষিত কয়েকটি আসনেই প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হয়েছে। যার মধ্যে আলোচিত হয়ে উঠেছে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসন।
শুক্রবার বিকেলে সরোয়ার জামাল নিজামকে বয়কটের ডাক দিয়ে এবং তার প্রার্থীতা বাতিলের দাবীতে আনোয়ারা উপজেলার চায়না রোড মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন তৃণমূল নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী মোড়ে এসে বিশাল জনসমাবেশে রূপ নেয়।
গত ১৩ নভেম্বর সরোয়ার জামাল নিজামের মনোয়ন প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি পাঠান মনোনয়ন প্রত্যাশী তিনজন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন কেন্দ্র করে বঞ্চিত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের পক্ষে বিশাল সমাবেশ ও মিছিল হয়েছে।
হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সেক্রেটারি মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে নেতারা বলেন, মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বিএনপির দুর্দিনে দীর্ঘদিনের পরিচ্ছন্ন ও নিষ্কলুষ ত্যাগী নেতা। তাকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীকে নিয়ে অন্য মনোনয়ন প্রত্যাশীদের বিশোদগার শুরু হয়েছে। যেটি ইতোমধ্যে প্রতিবাদ আন্দোলনে রূপ নিচ্ছে। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর।
কিন্তু, বাঁধ সাজছেন জেলা বিএনপির সাবেক তিন সভাপতি এমএইচখান মঞ্জু, এফ.ই শরফুজ্জামান জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম সিরাজ। এদের মধ্যে বিগত সময়ে বিএনপির হয়ে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশগ্রহনকারী সিরাজুল ইসলাম সিরাজ সরাসরিই বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডা. কে এম বাবরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরে এসে সিরাজুল ইসলাম সিরাজ গণসংযোগ করেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর সমর্থকরা।
শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান প্রমুখ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার আলিয়াবাদ গুল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন রাজু প্রমুখ অংশ নেন।
দৌলতপুর (কুষ্টিয়া) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীফ উদ্দিন জুয়েল সমর্থকদের সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ করা হয়।
এতে দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস, চাঁদাবাজী ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই দলের হাইকম্যান্ডের প্রতি বিশেষ অনুরোধ, দৌলতপুরে গণজরিপ করে দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হোক।

প্রথম দর্পণ,ডেস্ক