রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ঘিরে বিতর্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা প্রশ্ন তোলেন, “মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাধর? তিনি কীভাবে জুলাই যোদ্ধাদের নিয়ে এমন মন্তব্য করার সাহস পেলেন?”
শনিবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শাওনের একটি ফেসবুক পোস্টে জুলাই যোদ্ধাদের অবমাননা করা হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই বক্তব্যে গভীরভাবে মর্মাহত। যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।”
বক্তব্যে আবু হোরায়রা জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে এসব শিক্ষার্থীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আত্মত্যাগ যথাযথ মর্যাদায় মূল্যায়ন করা উচিত।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স