শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার স্বর্ণযুগের রূপকারের নতুন মাইলফলক

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০১:৩২ দুপুর
  • ১৩৫২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

একসময় যাকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল, সেই লিওনেল স্কালোনিই আজ আলবিসেলেস্তেদের ইতিহাসের অন্যতম সফল কোচ। ২০১৮ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর যখন আর্জেন্টাইন ফুটবল অনিশ্চয়তার মধ্যে পড়ে, তখন সীমিত সামর্থ্যের কারণে বড় কোনো কোচ নিয়োগ দিতে পারেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান তৎকালীন সহকারী কোচ লিওনেল স্কালোনি।

শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সাবেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও একসময় মন্তব্য করেছিলেন, ‘স্কালোনির ট্রাফিক পরিচালনারও যোগ্যতা নেই।’ কিন্তু সময়ই বদলে দিয়েছে সেই মূল্যায়ন। কঠোর পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা এবং তরুণ-অভিজ্ঞদের সমন্বয়ে দল গড়ে স্কালোনি নিজেকে প্রমাণ করেছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা কৌশলবিদ হিসেবে।

দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। এর আগে ২০২১ ও ২০২৪ সালে টানা দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফাইনালিসিমা জয়ের সাফল্যও আসে তার হাত ধরেই। ফলে আর্জেন্টিনা ফুটবলের নতুন স্বর্ণযুগের প্রধান স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন স্কালোনি।

এবার বিশ্বকাপের শেষ ষোলোয় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি স্কালোনির কোচিং ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ে জয় দিয়ে কোচের মাইলফলক রাঙাতে মুখিয়ে রয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজসহ আর্জেন্টিনার ফুটবলাররা।

স্কালোনির অধীনে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে জয় এসেছে ৭২টিতে, ড্র হয়েছে ১৮টি এবং হার মাত্র ৯টি ম্যাচে। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছিল তার দল, যা আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা অধ্যায়।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দেন স্কালোনি। শততম ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবছি না। দলের বর্তমান অবস্থান এবং লক্ষ্যই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তবু আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী দলের হয়ে শততম ম্যাচে কোচিং করাকে বিশেষ সম্মান হিসেবেই দেখছেন তিনি। স্কালোনির ভাষায়, “এটি অবশ্যই বড় একটি সংখ্যা। বিশেষ করে আর্জেন্টিনার মতো দলের হয়ে। এটি আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত।”

একসময় যাকে ঘিরে ছিল অবিশ্বাস, আজ তিনিই আর্জেন্টিনার সবচেয়ে সফল কোচদের একজন। শততম ম্যাচের মঞ্চে দাঁড়িয়ে স্কালোনির সামনে এখন নতুন লক্ষ্য—বিশ্বকাপ ধরে রেখে আরও একটি সোনালি ইতিহাস লেখা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad