জুলাই আন্দোলন ও এর নেতৃত্ব নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি টেলিভিশন টকশোতে দেওয়া তার বিভিন্ন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
টকশোতে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ ঘটনার অনেক দিক এখনো পরিষ্কার নয়। তার ভাষ্য, তিনি অনেক বিষয় জানলেও সবকিছু প্রকাশ করতে পারছেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলনের নেতৃত্ব ও বিভিন্ন ঘটনার পেছনে কারা কী ভূমিকা রেখেছিলেন, সে বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় নিহত ব্যক্তিদের অনেকেই বুঝতেই পারেননি কোথা থেকে গুলি এসেছে। তার মতে, ঘটনাগুলোর প্রকৃত উৎস ও দায়ী ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঘটনায় একটি "ডিজাইন" ছিল বলে তার ধারণা, তবে এটিকে ষড়যন্ত্র বলা যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এর আগে, নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে "গিনিপিগ" মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন নিলোফার চৌধুরী মনি। ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, তার সর্বশেষ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় রাজনীতিক হলেও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে তারা মর্মাহত ও ক্ষুব্ধ।
রাকিব আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনার প্রতি শ্রদ্ধাশীল একজন রাজনীতিক হিসেবে নিলোফার চৌধুরী মনির কাছ থেকে আরও সংযত ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তারা। তার দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এমন মন্তব্য আন্দোলনে অংশগ্রহণকারীদের অনুভূতিতে আঘাত হেনেছে।
নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক