কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামের দুলা মিয়ার ছেলে। দীর্ঘ সাত বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে রসুলপুর বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের পাশে একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন বেগম আক্তারের অভিযোগ, পারিবারিক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো বোনের ছেলে বাবুল ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই বাবুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক