আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান অলিম্পিক আন্দোলনের তিনটি মূল মূল্যবোধ—Excellence (শ্রেষ্ঠত্ব), Friendship (বন্ধুত্ব) এবং Respect (সম্মান)—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
“You Can Do This, Let's Move” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র্যালির লক্ষ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত হতে উৎসাহিত করা। রাজধানীর পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রাজধানীর কেন্দ্রীয় র্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী। পরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মী মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ জন র্যালিতে অংশগ্রহণ করেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ