২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে জমে উঠেছে সমীকরণের লড়াই। গ্রুপ ‘এইচ’-এর ভাগ্য নির্ধারণী ম্যাচে আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। অন্যদিকে দুটি ড্র করে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে কেপ ভার্দে। ফলে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তিন দলেরই ভাগ্য।
বিশ্ব র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা স্পেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। সেই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল, আর একটি গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
উরুগুয়ের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করবে স্পেন। ড্র করলেও তাদের নকআউট নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কোচ দে লা ফুয়েন্তে কোনো সমীকরণের ওপর নির্ভর না করে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই পরের পর্বে যেতে চান।
অন্যদিকে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। প্রথম দুই ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে চাপে রয়েছে মার্সেলো বিয়েলসার দল। স্পেনকে হারাতে পারলে এবং অন্য ম্যাচে কেপ ভার্দে জয় না পেলে গ্রুপসেরা হয়েই শেষ ৩২-এ উঠবে উরুগুয়ে। তবে ড্র কিংবা পরাজয় তাদের বিদায়ের শঙ্কা আরও বাড়িয়ে দেবে।
ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় রোনাল্ড আরাউহো ও জর্জিয়ান ডি আরাস্কায়েতাকে পাচ্ছে না উরুগুয়ে। তবে আক্রমণভাগে ডারউইন নুনিয়াসকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দুই প্রান্তে থাকবেন অগুস্তিন কানোবিও ও মাক্সি আরাউহো।
স্পেন শিবিরেও রয়েছে কিছু পরিবর্তনের সম্ভাবনা। ভিক্টর মুনোজ পুরোপুরি ফিট না হলেও লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল থাকছেন একাদশে। মাঝমাঠে দানি ওলমো নিজের জায়গা ধরে রাখতে পারেন। আর উইংয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। দুই দলের ১০টি মুখোমুখি লড়াইয়ে স্পেন জিতেছে পাঁচটিতে, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। উরুগুয়ে এখনো স্পেনের বিপক্ষে কোনো জয় পায়নি। ১৯৯০ সালের বিশ্বকাপে তাদের একমাত্র দেখায় গোলশূন্য ড্র হয়েছিল। সর্বশেষ ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে মুখোমুখি হওয়ার পর এবারই আবার বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই দলের।
গুয়াদালাহারার এই মহারণে স্পেনের নান্দনিক পাসিং ফুটবলের বিপরীতে দেখা যাবে উরুগুয়ের আক্রমণাত্মক ও শারীরিক ফুটবলের লড়াই। তাই গ্রুপ ‘এইচ’-এর এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স