সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের নিরুৎসাহমূলক আচরণ না করার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তালিকাভুক্ত শাখাগুলোতে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, সঞ্চয়পত্র বিক্রির জন্য অনুমোদিত কিছু ব্যাংক নানা অজুহাতে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে নিরুৎসাহিত করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিদ্যমান আইন অনুযায়ী সরকার মনোনীত ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করবে এবং বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রি করা তাদের বাধ্যতামূলক সেবার অংশ। ফলে কোনো ব্যাংক বা শাখা গ্রাহকদের সঞ্চয়পত্র ক্রয়ে বাধা দিতে বা নিরুৎসাহিত করতে পারবে না।
বাংলাদেশ ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, তালিকাভুক্ত শাখাগুলোতে সঞ্চয়পত্র-সংক্রান্ত সব কার্যক্রম সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহক ভোগান্তির অভিযোগ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশনার ফলে সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহী বিনিয়োগকারীরা আরও সহজে সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক