সমাজে বৈষম্য ও বঞ্চনামুক্ত মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, “সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে—এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি জামায়াতে ইসলামী দেখতে চায় না। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এতে আরও আধুনিক ও পরিচ্ছন্ন নগরব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
পরে রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের অংশগ্রহণে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে।
তিনি তরুণদের কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি পরিবারে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সদাচরণের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার