বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে পাওয়া এই জয়ে আত্মবিশ্বাসী হলেও দলের খেলোয়াড়দের ফিটনেস পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তিতে নেই কোচ লিওনেল স্কালোনি।
টুর্নামেন্ট শুরুর পর থেকেই চোট ও সতর্কতামূলক বিশ্রামের কারণে পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাননি তিনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, অধিনায়ক মেসি, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিভিন্ন সময়ে অনুশীলনের বাইরে ছিলেন।
শুক্রবার প্রথমবারের মতো পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছিল আর্জেন্টিনা শিবিরে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডান পায়ের পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যার কারণে গঞ্জালো মন্তিয়েল অন্তত একটি ম্যাচের জন্য ছিটকে গেছেন।
ফলে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। তার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে দলের শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকা মন্তিয়েলের অনুপস্থিতিতে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণভাগে পরিবর্তন আসা প্রায় নিশ্চিত। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ সহজ করতে চাইলেও স্কালোনিকে এখন নতুন করে একাদশ ও কৌশল সাজানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বিশ্বকাপের শুরুটা ইতিবাচক হলেও চোট সমস্যাই এখন আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স