নিলক্ষায় দুই গ্রুপের ভয়াবহ গোলাগুলি: নিহত ১, আহত একাধিক

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ০৫:১২ বিকাল
  • ২৬৩০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অনিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরেই পরিস্থিতি সহিংস রূপ নেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

গুলিবিদ্ধদের মধ্যে অনিক (২০), রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭)-কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত অনিক সাবেক ইউপি সদস্য উসমান মিয়ার ছেলে। তার মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় উভয় পক্ষের কিছু সদস্য বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে অংশ নেন বলে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, “দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।”

তিনি আরও জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad