বিশ্বকাপের আগেই উত্তপ্ত ইরান, ‘বিতর্কিত’ পতাকা বা স্লোগান উঠলেই ম্যাচ বন্ধের হুমকি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১২ জুন ২০২৬, ০২:৫৭ দুপুর
  • ৭৬৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ইরান। জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান কিংবা কর্তৃপক্ষের অনুমোদনহীন কোনো পতাকা স্টেডিয়ামে প্রদর্শিত হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বিশ্বকাপে ইরানের কোনো ম্যাচ চলাকালে এমন পরিস্থিতি সৃষ্টি হলে দলের ম্যানেজার খেলা স্থগিতের উদ্যোগ নিতে পারেন বলেও জানানো হয়েছে।

আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিসর।

বিশ্বকাপ ঘিরে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে রাজনৈতিক ও সামাজিক নানা সংবেদনশীল ইস্যু কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সিয়াটলে অনুষ্ঠিতব্য ইরান-মিসর ম্যাচকে স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে উপস্থাপনের উদ্যোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিয়াটলের প্রাইড সপ্তাহের সঙ্গে মিল রেখে ম্যাচটিকে বিশেষভাবে প্রচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রেক্ষাপটে ইরান ও মিসরের ফুটবল ফেডারেশন যৌথভাবে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠের ভেতরে এলজিবিটিকিউ-সংশ্লিষ্ট কোনো প্রতীকী আয়োজন বা কার্যক্রম যেন না থাকে।

এর আগে গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তোলে। তাদের অভিযোগ, দেশটির জাতীয় দল জনগণের পরিবর্তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রতিনিধিত্ব করছে।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিতরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ইরানের ফুটবল ফেডারেশন। তাদের দাবি, পূর্বনির্ধারিত টিকিট বরাদ্দ শেষ মুহূর্তে প্রত্যাহার করায় অনেক সমর্থক ভ্রমণের পরিকল্পনা করেও দলের খেলা দেখার সুযোগ হারিয়েছেন।

বর্তমানে মেক্সিকোর তিহুয়ানায় প্রস্তুতি ক্যাম্পে রয়েছে ইরান দল। যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতির কারণে ম্যাচের মাত্র একদিন আগে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

সব মিলিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা উদ্বেগ, ভিসা জটিলতা এবং সমর্থকদের অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছে ইরান। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এসব বিতর্ক বিশ্বকাপের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে তেহরানের প্রতিনিধিদের ওপর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad