যুক্তরাজ্য বিএনপির পুনর্গঠনে জোর, বার্মিংহামে ১৯ জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ১২:৪৬ রাত
  • ৭১৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বার্মিংহামে জোন-২-এর আওতাধীন ১৯টি জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের একটি স্থানীয় হলে আয়োজিত এ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জোনাল প্রতিনিধি এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আজাদ আবুল কালাম বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ, সংগ্রাম ও নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিয়েছেন, আগামী দিনে তারাই নেতৃত্বের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তিনি জানান, সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে আহ্বায়ক কমিটি ইতোমধ্যে বিভিন্ন জোনে ধারাবাহিক সফর ও মতবিনিময় কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা হবে। একই সঙ্গে আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা বিতর্কিত ব্যক্তিদের সংগঠনে স্থান দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আহ্বায়ক আজাদ আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শরীফুর জামান চৌধুরী তপন, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, মিজবাউজ্জামান সুহেল, গুলজার খান, মোহাম্মদ ফয়জুল হক, হাসানাত কবীর খান রিপন, আসাদুজ্জামান আহমেদ, সালেহ গজনবী, সেলিম আহমেদ, শামীম আহমেদ ও হাবিবুর রহমান হাবীবসহ আহ্বায়ক কমিটির নেতারা।

বক্তারা বলেন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে অভিজ্ঞতা, মেধা ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে কমিটিগুলো পুনর্গঠন প্রয়োজন। এ সময় তৃণমূল প্রতিনিধিরাও দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বার্মিংহাম সিটি বিএনপি, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, ইস্ট মিডল্যান্ডস বিএনপি, কভেন্ট্রি বিএনপি, পোর্টসমাউথ বিএনপি, সাউদাম্পটন বিএনপি, কার্ডিফ বিএনপি, সোয়ানসি বিএনপি এবং গ্লস্টার-ওরচেস্টার বিএনপির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পাশাপাশি প্রস্তাবিত নতুন জোন হিসেবে লেস্টার, ব্রিস্টল, নিউপোর্ট, ডার্বিশায়ার, নটিংহাম ও স্টোক-অন-ট্রেন্ট বিএনপির প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন।

নেতারা আশ্বাস দেন, দলের আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী নেতাকর্মীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, “যুক্তরাজ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও ভালোবাসার সংগঠন। তাই নতুন নেতৃত্ব নির্ধারণে অতীতের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবদান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফিরোজ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা এবং সাংগঠনিক সম্পাদক এম এ মোশাহিদ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যুক্তরাজ্য বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া আরও বেগবান হবে এবং দল নতুন উদ্যমে এগিয়ে যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad