অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলা-ভিত্তিক সংবাদপত্রগুলোর তালিকাভুক্তি ও কার্যক্রমও পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও পরিচালনা প্রক্রিয়াকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, জেলা পর্যায়ের যেসব সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল বা প্রশ্নবিদ্ধ, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) তালিকাভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, “আমরা যাচাই করে দেখছি সংশ্লিষ্ট সংবাদপত্রগুলো যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমে কথিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সরকার দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করছে বলে সংসদে আলোচনা হয়

মোঃ জাকির হোসাইন,সম্পাদক