২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর কয়েকদিন বাকি। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ পুরস্কার। এবারের আসরে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে ধরা হচ্ছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইনকে। তবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ডসহ আরও কয়েকজন তারকা ফুটবলারের নামও আলোচনায় রয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিততে পারেননি। সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তিনজনের সামনে—কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন এবং কলম্বিয়ার জেমস রদ্রিগেজের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এমবাপ্পে ও কেইনকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই ধারাবাহিক গোল করার সক্ষমতা তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইংল্যান্ড যদি টুর্নামেন্টে অনেক দূর এগোতে পারে, তাহলে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জয়ের সুযোগ তৈরি হতে পারে তার সামনে।
অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে এবারও অন্যতম ফেভারিট। ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপ মঞ্চে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছেন। এবারও তার পায়ের দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। জাতীয় দলের হয়ে দুর্দান্ত গোলরেকর্ড থাকা এই স্ট্রাইকারের ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে কোনো সংশয় নেই। তবে তার সাফল্য অনেকটাই নির্ভর করবে নরওয়ে কতদূর এগোতে পারে তার ওপর।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২০২২ সালে সাত গোল করেও গোল্ডেন বুট হাতছাড়া হয়েছিল তার। তাই এবারের আসরে ব্যক্তিগত এই অর্জনের দিকেও নজর থাকবে বিশ্বকাপজয়ী অধিনায়কের।
সম্ভাব্য দাবিদারদের তালিকায় আরও রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, ফ্রান্সের উসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারসাবাল এবং পর্তুগালের অভিজ্ঞ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের ভার সত্ত্বেও গোল করার সহজাত ক্ষমতার কারণে রোনালদোকে অনেক বিশ্লেষক ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করছেন।
এ ছাড়া সুইডেনের ভিক্টর জিওকেরেস, জার্মানির কাই হাভার্টজ, সেনেগালের ইসমাইলা সার, কলম্বিয়ার লুইস দিয়াজ এবং নেদারল্যান্ডসের কোডি গাকপোও চমক দেখাতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার মুকুট কার মাথায় ওঠে, সেটিই এখন ফুটবল বিশ্বের অন্যতম বড় কৌতূহলের বিষয়। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের প্রতিযোগিতাও যে সমান উত্তেজনা ছড়াবে, সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স