সাংবাদিকদের সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে’—স্পিকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৬:২১ বিকাল
  • ৮৩০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের সঙ্গে সংসদের কার্যক্রমের সেতুবন্ধন হিসেবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সংসদ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় বিপিজেএর সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), নির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান পঞ্চায়েতসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয় সৃষ্টি হয়েছে। অনেক ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সংসদের কার্যকর সম্পর্ক বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। দেশের স্বার্থে গণবান্ধব রাজনীতির বিকাশে সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে এবং সাংবাদিকদের উচিত সত্যকে নির্ভয়ে তুলে ধরা।

তিনি বলেন, “সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। সংসদকে আরও কার্যকর ও জনমুখী করতে গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকার ও বিরোধী দল উভয়কেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

মতবিনিময় সভায় বিপিজেএ নেতৃবৃন্দ সংসদ রিপোর্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন স্পিকার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad