দেশের চার জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরসমূহের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে দেশে বর্ষা মৌসুমের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা তীব্র গরমে অতিষ্ঠ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স