নেপালের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঋতুপর্ণা চাকমার অসাধারণ এক গোলে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। নেপাল একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। এরই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গীতা রানির গোলে এগিয়ে যায় নেপাল।
গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৬তম মিনিটে নেপাল ব্যবধান বাড়ানোরও সুযোগ তৈরি করেছিল। প্রীতি রাইয়ের শক্তিশালী দূরপাল্লার শট গোলপোস্টে আঘাত হানে। এ সময় বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারের গুরুত্বপূর্ণ স্পর্শও দলকে বড় বিপদ থেকে রক্ষা করে।
তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। সেই প্রচেষ্টার ফল আসে বিরতির ঠিক আগে। কর্নার কিক থেকে সরাসরি নেওয়া ঋতুপর্ণা চাকমার দৃষ্টিনন্দন শট নেপালের জালে জড়িয়ে গেলে সমতায় ফেরে বাংলাদেশ। তাঁর অসাধারণ গোলে উজ্জীবিত হয়ে নতুন করে ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে গ্রুপ পর্বে নেপাল ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানারআপ হিসেবে শেষ চারে ওঠে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স