বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে এ রিট করেছেন ছয়জন কাউন্সিলর।
আজ মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৬ মে বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, একই দিনে ফলাফল ঘোষণারও কথা বলা হয়েছে।
১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দু’জন পরিচালক যুক্ত হবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন কমিশন এ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক