ক্ষমা চায়নি বিএনপি, রাষ্ট্রের প্রয়োজনেই রাজনীতি করেছে দলটি: সেতুমন্ত্রী রবি
ঢাকা, ২ জুন: আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, তবে বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
মঙ্গলবার (২ জুন) বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর সময় রাজনৈতিক অঙ্গন গভীর সংকটে পড়েছিল। সেই প্রেক্ষাপটে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করে দেশের রাজনীতিকে নতুন ধারায় ফিরিয়ে আনার পথ দেখিয়েছিলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করেছে। ফলে দলটিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি।”
শেখ রবিউল আলম রবি আরও বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। দলের নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যাতে দলের ভাবমূর্তি ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। ক্ষমতার প্রভাব বিস্তার বা অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের পাশে থাকতে হবে।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক