ফুটবল মাঠের আধিপত্য নিয়ে রণক্ষেত্র বানিয়াচং, সংঘর্ষে সাংবাদিক-ওসিসহ আহত অর্ধশত
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব আদমখানী মাঠে ফুটবল খেলার সময় নির্ধারণ ও মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানী এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব আদমখানী মাঠে ফুটবল খেলার সময়সূচি নির্ধারণ ও মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানী এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে উভয় পক্ষ মাঠে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে ছোড়া ইট-পাটকেলের আঘাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিম কপালে আঘাত পান। একই ঘটনায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ডান পায়ে আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক