সাংবাদিকদের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা, ‘জিরো টলারেন্স’ ঘোষণা তথ্যমন্ত্রীর
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা বা হয়রানি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং গণমাধ্যমের স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এ সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। প্রাথমিকভাবে এটি স্পষ্ট যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, “গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন খাতের তথ্য জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি মূলধারার গণমাধ্যমের কর্মীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
তিনি জোর দিয়ে বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে সরকার কঠোর অবস্থান নেবে। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা রক্ষায় আমরা কোনো আপস করব না।”
গণমাধ্যমকে স্বাধীন, দায়িত্বশীল ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক