অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: মালয়েশিয়াকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের বালকদের, জাপানের কাছে বড় ব্যবধানে হার বালিকাদের।
জাপানে শুরু হওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম দিনে বাংলাদেশের বালক ও বালিকা দল ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। বালকরা শক্তিশালী মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে। অন্যদিকে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের বালিকা দল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালক দল। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মুন্না ইসলাম।
এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। পেনাল্টি কর্নার থেকে তার শক্তিশালী হিট মালয়েশিয়ার জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করে দলের লিড আরও বাড়ান মুন্না ইসলাম। নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার হাকিমি একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি দলটি। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে জনি ইসলামের ফিল্ড গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে লাল-সবুজের তরুণরা।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালিকা দল। স্বাগতিক জাপানের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল তারা। প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় জাপান।
বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণভাগকে বারবার ভেঙে আরও পাঁচ গোল করে তারা। ফলে শেষ পর্যন্ত ১২-০ গোলের বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের হকি শিবিরে যেমন মালয়েশিয়ার বিপক্ষে বালকদের দারুণ জয়ের উচ্ছ্বাস রয়েছে, তেমনি বালিকাদের বড় ব্যবধানের পরাজয় হতাশাও বাড়িয়েছে। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স