ঈদের দিন সারিয়াকান্দিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিন পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মণ্ডলের (৩০) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুবেল ধারালো চাকু দিয়ে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই মিমি বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত রুবেল মণ্ডলকে আটক করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ